সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া এলাকার স্বর্ণ পাহাড় নামক স্থানে এ নির্মাণকাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, কুতুপালং এলাকার মৃত ইলিয়াস ওরফে রোহিঙ্গা ইলিয়াসের ছেলে মোহাম্মদ হারুন এবং তার ভাই মোহাম্মদ মামুন বনবিভাগের জায়গা দখল করে সেখানে পাঁচতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণ করেন। বর্তমানে ভবনটির অন্তত তিনতলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাবশালী একটি চক্র বনভূমি দখল করে বিভিন্ন অবকাঠামো গড়ে তুলছে। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির ঘাটতি এবং কিছু অসাধু ব্যক্তির প্রশ্রয়ে এসব অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিবেশবিদ ও সাংবাদিক জসিম আজাদ বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সংরক্ষিত বনভূমি দখল, পাহাড় কাটা ও অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা বেড়েই চলেছে। পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ জরুরি।

ফরেস্ট আইন ১৯২৭ অনুযায়ী, এ বনভূমি দখল ও সেখানে স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে জেল, জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিধান রয়েছে। পাশাপাশি, পরিবেশের ক্ষতি করে নির্মাণকাজ পরিচালনা করলে পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ীও শাস্তির বিধান রয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উখিয়া রেঞ্জের প্রায় ০৫ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাছ কাটার সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ হারুন ও মোহাম্মদ মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আগেও নির্মাণকাজ বন্ধে বাধা দেওয়া হয়েছে এবং ভবনের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। এরপরও তারা কাজ চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতির কাজ চলছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...