চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসচালক মিজানুর রহমান ভূঁইয়া (৫৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিজানুর রহমান ভূঁইয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-ট-১১-০২৪০ নম্বরের একটি ট্রাক কোনো ধরনের সতর্কতামূলক সংকেত ছাড়াই মহাসড়কের ডান পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-২১৫৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে। এতে উভয় যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাসচালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস জব্দ করে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতের লাশের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...