সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই
ছবি: আমার দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মায়া চিত্রা হরিণকে প্রকাশ্যে জবাই করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হরিণটির পা চেপে ধরে রেখেছেন এবং আরেকজন ধারালো দা দিয়ে জবাই করার চেষ্টা করছেন। ঘটনাস্থলের কিছুটা দূরে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ১১ এপ্রিল বিকালে ৭ সেকেন্ডের ভিডিওটি মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় ধারণ করা। ভিডিও ধারণের সময় জবাইকারী ব্যক্তিকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‘ভিডিও কেন করা হচ্ছে?’—জবাবে ভিডিও ধারণকারী জানতে চান, এতে সমস্যা কী।

বিজ্ঞাপন

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, এক সময় মিরসরাই উপজেলার উপকূলীয় প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছিল সবুজ ম্যানগ্রোভ বন। সেখানে কয়েক হাজার হরিণসহ সাপ, শিয়াল, বেজি, মেছো বাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাস ছিল। তবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু হওয়ার পর বন উজাড় হতে থাকায় বন্যপ্রাণীর সংখ্যা কমে যায়। বর্তমানে ওই এলাকায় অল্পসংখ্যক হরিণের অস্তিত্ব রয়েছে। ধারণা করা হচ্ছে, জবাই করা হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল।

স্থানীয়রা জানান, যেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে এক সময় হরিণসহ নানা প্রজাতির বন্য প্রাণীর অভয়ারণ্য ছিল। এখন সামান্য বন অবশিষ্ট আছে। বন্যপ্রাণীদের জন্য বিকল্প বন গড়ে না উঠায় তারা লোকালয়ে প্রবেশ করে বিপন্ন হয়ে যাচ্ছে। এটি পরিবেশের জন্য বড় ধরনের হুমকি।

নাম প্রকাশ না করার শর্তে জানতে চাইলে বলেন, শিল্প অঞ্চলে পিএইচপি গ্রুপ ৫০০ একর জায়গায় বনাঞ্চল কেটে শিল্প কারখানার জন্য গভীর বন পরিষ্কার করছে। সেখানেও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী থাকতে পারে। শিল্প অঞ্চলের জন্য প্লট করতে বন পরিষ্কারের কারণে হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে যেতে পারে।

উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ১১ এপ্রিল তিনজন ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্তরা আশপাশের খামারে কাজ করেন।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...