পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩ খাবার হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা

পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩ খাবার হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তিন খাবার হোটেল মালিককে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজমহল হোটেলকে ৪ লাখ টাকা, নুরজাহান হোটেলকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

বিশুদ্ধ খাদ্য আদালতের পরিচালক লক্ষ্মীপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওমর ফারুক প্রতিষ্ঠানগুলোর মালিকদের এই অর্থদণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ (নোয়াখালী ক্যাম্পের) ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লাহ হিল হাকিম প্রমুখ।

বিশুদ্ধ আদালত সূত্র জানায়, ওই তিনটি প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে প্রতিটি প্রতিষ্ঠানের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো পচা ও বাসি খাবার বিক্রি করে আসছিল। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে নুরজাহান হোটেলের মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, রাজমহলের বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা এবং মোহাম্মদীয়ার নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, ‘আমরা যৌথভাবে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেছি। পচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের মালিককে মোট ১০ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন