দৈনিক ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

দৈনিক ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওবায়দুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে এবং দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

দেবিদ্বার পৌর এলাকার ব্যবসায়ী ফতেয়াবাদ গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে আমির হোসেনের দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয় আমির হোসেনের কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তার স্ত্রী সুমি আক্তার ও মেয়ে সামিয়া আক্তারকে অপহরণসহ হত্যার ভয়ভীতি প্রদর্শন করে। এমতাবস্থায় ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি ওই ছাত্রদল নেতা হৃদয় ওই ব্যবসায়ীর নিকট ১৫০০০ টাকা চাঁদা দাবি করে। স্ত্রী ও কন্যার জীবন রক্ষার্থে ১৫ হাজার টাকা ও চাঁদা হিসাবে ছাত্রদল নেতা হৃদয়কে দেয়া হয়। ওই ব্যবসায়ী এ অবস্থা থেকে রক্ষা পেতে দেবিদ্বার থানায় ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

দেবিদ্বার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি । বিষয়টি আমরা দেখব ।

এ বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ উদ্দিনকে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

শুক্রবার দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, এ ঘটনায় ওই ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে শুক্রবার গ্রেপ্তার করে বিকেলের দিকে আদালতে চালান দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন