পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের ১৮ দিন পর আবির নামে এক স্কুল ছাত্র শিক্ষিকা লুৎফুন্নেসাকে মোবাইল ফোনে জানায় ম্যাডাম আমি লালবাগে আছি। আমাকে এখান থেকে নিয়ে যান। শিক্ষিকা বিষয়টি তার পরিবারকে জানায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজন ঢাকা লালবাগ থেকে তাকে উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে আসে। এ সময় বাড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
আবিরের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগরে। সে ওই গ্রামের আরিফ হোসেন পান্নুর ছেলে ও কিসমত শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বিষয়টি নিয়ে ৪ সেপ্টেম্বর আমারদেশসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় স্কুল ছাত্র নিখোঁজ শিরোনামে নিউজ ছাপা হয়।
আবিরের বাবা আরিফ হোসেন পান্নু বলেন, ১৮ দিন পর ছেলেকে কাছে পেয়েছি। আত্মীয়স্বজনসহ এমন কোনো বাসাবাড়ি নেই যে তাকে খোঁজা হয়নি। হঠাৎ স্কুলের ম্যাডাম মঙ্গলবার আমাকে ফোন করেন। আবিরের সঙ্গে তার কথা হয়েছে সে এখন ঢাকা লালবাগে আছে। আপনারা গিয়ে লালবাগ থেকে ওকে নিয়ে আসেন। পরে লালবাগ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
কিসমত শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত আবির নামে এক শিক্ষার্থী বাড়ি থেকে নিখোঁজ হয়। বিষয়টি তার পরিবার জানায়। এরপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হয়। মঙ্গলবার সহকারি শিক্ষিকা লুৎফুন্নেসা ম্যাডামকে ফোন করে জানায় সে লালবাগে আছে। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হয়। ছেলেটির সন্ধান পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আনন্দিত।
এর আগে গত ২৮ আগস্ট স্কুলে প্রাইভেট পড়ার কথা বলে আবির বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

