ফেনী সদর উপজেলায় মতবিনিময় সভায় নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করায় বিএনপি নেতাকে মারধর করা হয়েছে। ভুক্তভোগী কামাল উদ্দিন উপজেলা বিএনপির সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারে তার ওপর হামলা করা হয়। এ সময় তার দুই সমর্থক দিদার ও রানা আহত হন।
ঘটনার পর জড়িত সন্দেহে ফেনী পৌর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মোকসেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা ফেনী-মাইজদী আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কামালসহ আহত তিনজনকে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। ওই সভায় কামাল উদ্দিন নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর ভাতিজা মো. জিসানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বিরলী বাজারে এসে কামাল উদ্দিনের ওপর হামলা চালায়। স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে এলে জিসান পালিয়ে গেলেও হামলায় সরাসরি জড়িত তাঁতী দল নেতা মোকসেদকে ধরে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামালসহ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হামলার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, এলাকায় কোথায় কী হয়েছে তা আমার জানা নেই। তবে বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। কিছু নব্য বিএনপি নেতা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির জানান, তিনি রাজনৈতিক কোনো অপ্রীতিকর ঘটনার সুনির্দিষ্ট খবর পাননি। তবে অনাকাঙ্ক্ষিত কোনো বিশৃঙ্খলা ঘটেছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সাজিদ কামাল বলেন, পাঁচগাছিয়ায় স্থানীয় কিছু লোক বিএনপি নেতা ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামালসহ কয়েকজনকে রক্তাক্ত করেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পাঁচগাছিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে আহত কামাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

