ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশিচৌকি পরিচালনাকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামে এসআরবি-৭-এর এক সদস্য নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকও আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনের স্টার লাইন ফিলিং স্টেশনের ১০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ফতেহপুর এলাকায় এসআরবি-৭-এর একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১-১৯৭৮) থামার সংকেত দিলে সেটি থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১৬-৯৭৬৮) সিগন্যাল অমান্য করে থমকে থাকা ওই কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
পরবর্তীতে ট্রাকটির চালক স্টিয়ারিং ঘুরিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টার সময় সড়কের বাম পাশে ডিউটিরত মোহাম্মদ আলমগীরকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং অনিয়ন্ত্রিত ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে চালক মো. সজীবও আহত হন।
ঘটনার পরপরই টহলরত অন্য এসআরবি সদস্যরা গুরুতর আহত সহকর্মী আলমগীর ও ট্রাকচালককে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।
নিহত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ গ্রামে। তার বাবার নাম মৃত নুরুদ্দীন আহমেদ।
অন্যদিকে আহত ট্রাকচালক মো. সজীব বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা সালাম গাজী ছেলে । তিনি বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নোমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বেদনা প্রকাশ করে ফেনী এসআরবি-৭-এর অধিনায়ক মিজানুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। আমাদের নিহত এসআরবি ওয়ারেন্ট অফিসারের পরিবারকে খবর দেওয়া হয়েছে। চট্টগ্রামের হেড অফিসে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে এসআরবি মহাপরিচালক উপস্থিত থাকবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

