ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার শুরুতে ও বিসিক সংলগ্ন দেবিপুর গ্যাস পাম্পের সামনে এই দুর্ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার ২১ বছর বয়সী মো. শাহীন রামপুর রাস্তার মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। তিনি ফেনী শহরের একটি প্রতিষ্ঠানে এসি মেকানিকের কাজ শিখছিলেন। প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে ফেনী যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় তার এক সহকর্মী ইউনুছও আহত হন। ইউনুছ ছাগলনাইয়া উপজেলার মহুরিগঞ্জ এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এর আগে একইদিন ভোরে ফেনীর দেবিপুরে একটি যাত্রীবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসের চালক শাহ আলম (৪২) নিহত হন এবং সাতজন যাত্রী আহত হন।

নিহত শাহ আলমের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়াকান্দি সাতকানিয়া ভবের চরে। আহত যাত্রীরা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করায় তাদের পরিচয় জানা যায়নি।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন