লক্ষ্মীপুরে ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকরা সদর উপজেলায় বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন । শুক্রবার বিকেলে নন্দনপুর এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে দালাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নন্দনপুরে এসে শেষ হয়। এতে কয়েকশ আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।
সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। বাঁশির সুর, ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে নেচে-গেয়ে তারা প্রিয় দল ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনার পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বার্তাও দেওয়া হয়েছে এ কর্মসূচির মাধ্যমে।
তারা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও তা যেন সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটিই তাদের প্রত্যাশা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

