চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি রিপুল চাকমাকে হল থেকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাছিম উদ্দিন। এই ঘটনায় মঙ্গলবার নাছিমকে শোকজ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সোমবার সন্ধ্যায় হলটির ৩১৩ নম্বর কক্ষে গেলে রিপুল চাকমাকে হুমকি দেন তিনি। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া অডিওতে রিপুল চাকমাকে উদ্দেশ করে নাছিম উদ্দিনকে বলতে শুনা যায়, 'তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে, ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব, আমি নাসিম যদি এই হলে থাকি।'
খোঁজ নিয়ে জানা গেছে, হলটির ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগ পেয়ে হলটির সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলম এবং হল সংসদের ভিপি রিপুল চাকমাসহ কয়েকজন সদস্য সেখানে যান। ওই কক্ষেই থাকেন ছাত্রদল নেতা নাছিম উদ্দিন। তবে সেখানে অবৈধভাবে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে রিপুল চাকমাকে হুমকি দেন ওই ছাত্রদল নেতা।
রিপুল চাকমা আমার দেশকে বলেন, রোববার কিছু জিনিসপত্র নিয়ে একজন শিক্ষার্থী হলে আসে এবং বলে সে ৩১৩ নম্বর রুমে উঠেছে। এ নিয়ে আমি গ্রুপে কথা বলি। পরে স্যারসহ আমরা সেখানে যাই। সেখানে একপর্যায়ে আমাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আমি দুপুরের দিকে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়েছি।
নাছিম উদ্দিন বলেন, ‘সে (রিপুল চাকমা) আমাকে এবং আমার আম্মাকে নিয়ে বাজে ভাষায় কথা বলেছে। এর একপর্যায়ে আমি উত্তেজিত হয়ে এ কথা বলেছি।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, একটি অভিযোগের প্রেক্ষিতে হলের একটি কক্ষে অভিযান চালানো হয়। তবে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু কথাবার্তা হয়। এ ঘটনায় প্রক্টর অফিসে কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে শুনেছি উপাচার্য বরাবর ওই শিক্ষার্থী অভিযোগ দিয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

