সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, সমালোচনা

সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, সমালোচনা

লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ করা মানবিক সহায়তার অর্থ বিতরণের তালিকায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম থাকায় উপকারভোগী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। গরিব, দুস্থ ও অসহায় ৪৮৬ জনের মধ্যে এ সহায়তা বিতরণ করা হলেও তাদের কয়েকজন বিএনপির বিভিন্ন পর্যায়ের পদে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা ও সমালোচনা দেখা গেছে।

বিজ্ঞাপন

রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার ৪৮৬ জনের মধ্যে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অর্থ গ্রহণকারীদের মধ্যে পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, একজন যুবদল নেতা এবং ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে দেখা যায় বলে জানা গেছে। তাদের অর্থ গ্রহণের কয়েকটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের একাংশ উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাদের প্রশ্ন, গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা সরকারি সহায়তার তালিকা তৈরির সময় কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে। রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিরা কোন যোগ্যতার ভিত্তিতে ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির নিচে একজন মন্তব্য করেন, ‘এখানে গরিব কে?’ এ ধরনের মন্তব্যে উপকারভোগী নির্বাচন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, দলীয় স্বচ্ছল কেউ সহায়তা পেয়েছেন কি না, ‘এ বিষয়টি আমার জানা নেই। এমপি তার মতো করে তালিকা করেছেন। যাদের দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, তাদেরই দিয়েছেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...