পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস

পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস
হাটহাজারীতে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে হাজারো মানুষের বসবাস । আমার দেশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিমের বিভিন্ন পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে মৃত্যুর ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ বসবাস করছেন। চলতি বর্ষায় এসব পাহাড়বাসীকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার উদ্যোগ নেই। ফলে পাহাড়ধসে যেকোনো সময় শত শত মানুষের প্রাণহানির ঘটনার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, প্রবল বর্ষণেও হাটহাজারীতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনো সময় ভয়াবহ পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। অথচ মৃত্যুর ঝুঁকি নিয়ে লক্ষাধিক মানুষ পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশে বসবাস করছে। এসব পাহাড়বাসীকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রাণহানি এবং প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে আনা যাচ্ছে না।

জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১ নম্বর সিটি করপোরেশন ওয়ার্ডের শাহ আমানত কলোনি, জঙ্গল দক্ষিণ পাহাড়তলী, ফতেয়াবাদের পশ্চিমে সন্দ্বীপ কলোনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, হাটহাজারী পৌরসভার পশ্চিমে, মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের পশ্চিমে, চারিয়া নয়াহাট বাজারের পশ্চিমে, কাটিরহাট এলাকার পশ্চিমে কাঞ্চনপুর এবং উদালিয়াসহ ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিমে পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে লক্ষাধিক মানুষ। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে পাহাড় দখল করে পাহাড়ের পাদদেশে কাঁচা ও সেমিপাকা ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। তবে ২০০৭ সালের ১১ জুন হাটহাজারী উপজেলার আওতাধীন চট্টগ্রাম সেনানিবাসসংলগ্ন দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার লেবুবাগান ও কাইচ্ছাঘোনা এলাকায় স্মরণকালের পাহাড় ধসের ট্র্যাজেডি ও মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। তখন প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বস্তিগুলো সরানোর উদ্যোগ গ্রহণ করলেও ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাচারিতা ও হেয়ালিপনার কারণে তা আর বেশি দূর এগোয়নি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, ‘উপজেলার পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের যারা আইনের চোখ ফাঁকি দিয়ে বসবাস করছে, তাদের দুর্যোগকালে পাহাড় ও পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন