আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আবুল মহসিন তারেক (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় সোমবার (২ মার্চ) ভোর ৫টায় বাহরাইনের আল হিদ ড্রাইডক এলাকায় আরব শিপবিল্ডিং অ্যান্ড রিপেয়ার ইয়ার্ডে (ASRY) কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মার্কিন সামরিক ঘাঁটির নিকটবর্তী ওই শিপইয়ার্ডে ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামক একটি জাহাজে মেরামতকাজ করছিলেন তারেক। এসময় ড্রোন হামলা হলে প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া ড্রোনের একটি অংশ ছিটকে এসে তার শরীরে লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহত তারেক সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়েরগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর হালিশহরে বসবাস করতেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তারেকের স্বজনরা। তার মামাতো ভাই মো. মোশাররফ জানান, দীর্ঘ প্রবাস জীবনে হাড়ভাঙা খাটুনি দিয়ে তিনি পরিবারের স্বপ্ন বুনছিলেন, যা একটি ড্রোন হামলায় তছনছ হয়ে গেল। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে শোকাতুর পরিবার।

এ ঘটনায় সন্দ্বীপের মুছাপুর এলাকার নাজিম উদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন