লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জুলাইযোদ্ধা সারোয়ার হোসেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করলে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হট্টগোলের ঘটনা ঘটে।
পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। পরে স্বাভাবিকভাবে চলে সংবর্ধনা অনুষ্ঠান।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাইযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

