জুলাই হত্যা মামলা

নিজাম হাজারীসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

জেলা প্রতিনিধি, ফেনী

নিজাম হাজারীসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে টমটমচালক মো. সবুজ হত্যা মামলায় ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীসহ সব আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ আদেশ দেন। এর মধ্য দিয়ে মহিপালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম কোনো মামলার বিচার শুরু হলো।

বিজ্ঞাপন

মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, আসামি কারা তা মুখ্য বিষয় নয়, ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে আশা ফেনীবাসীর।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের গুলিতে প্রাণ হারান মো. সবুজ। পরে ওই বছরের ১৩ আগস্ট সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।

মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাবেক ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬৫ জনের নাম উল্লেখ ও আরো ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গত বছরের ২২ ডিসেম্বর নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তার আগে ৯ ডিসেম্বর মামলায় এজাহারনামীয় ৬৫ জন ও তদন্তে নাম পাওয়া আরো ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।

ইতোমধ্যে এ মামলায় এজাহারনামীয় ৫ জন ও সন্দেহভাজন ৩৯ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন