সীতাকুণ্ডে লেকের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ডে লেকের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেকের পানিতে ডুবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইকোপার্ক ও ছোটদারহাট সহস্র ধারা ঝরনায় বেড়ানো শেষে পার্শ্ববর্তী একটি লেকের মধ্যে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় এ শিক্ষার্থী।

মৃত শিক্ষার্থী তাহসিন আনোয়ার (১৭) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আনোয়ার কবিরের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে ছোট দারোগাহাট সহস্র ধারা ঝরণার পাশে লেকের মধ্যে গোসল করতে নেমে পানিতে ডুবে তাহসিন আনোয়ার মৃত্যুবরণ করে। চট্টগ্রাম বায়েজিদ এলাকা থেকে তারা ৭ বন্ধু সীতাকুণ্ডে ইকোপার্কসহ বিভিন্ন পর্যটন এলাকায় বেড়াতে আসে। ইকোপার্ক বেড়ানো শেষে ছোটদারোগাহাট সহস্র ধারা ঝরনা দেখে বিকেল সাড়ে ৩টায় অপর ৬ বন্ধুসহ পার্শ্ববর্তী একটি লেকের মধ্যে গোসল করতে যায়। পাহাড়ের পাদদেশে এই লেকটি অনেক গভীর ছিল পর্যটকরা হয়ত বিষয়টি জানতেন না। সে গোসল করতে লেকের পাশ দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে পানির গভীরে তলিয়ে যায়। সাঁতার না জানায় সে ওপরে উঠতে পারেনি।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সীতাকুণ্ড থানার পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনে যান। ফায়ার সার্ভিসের লোকজন বিকেল ৫টায় লেকের পানিতে তলিয়ে যাওয়া পর্যটকের তার লাশ উদ্ধার করে।

মৃত শিক্ষার্থী এবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এ পর্যটকের বাবা কেইপিজেড এর একজন প্রকৌশলী এবং মা লুৎফুর নাহার বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশনের সচিব হিসেবে কর্মরত আছেন। নিহত তাহসিন আনোয়ার চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার ডিএইচও ৫১ এলাকায় বসবাস করেন।

সীতাকুণ্ড থানার এসআই রাসেল বলেন, নিহত শিক্ষার্থী পর্যটক তসলিম আনোয়ার সাঁতার জানতো না বলে সে পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টায় লেকের পানিতে তল্লাশি করে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পরিবারের পক্ষ থেকে মামলা করবে না মর্মে আবেদন করায় সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে পুলিশ লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন