ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমতলী বিশ্বরোড এলাকায় তীব্র যানজট ও সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী। একই সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে আমতলীর ভাঙা সড়কে বসিয়ে রাখার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মোজাহিদ চৌধুরী লেখেন, কুমিল্লা সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে আমতলী ভাঙা রাস্তায় বসিয়ে রাখা দরকার।
তার ওই পোস্টের নিচে কয়েকজন মন্তব্য করে আমতলী বিশ্বরোড এলাকার যানজট ও সড়কের দুরবস্থার জন্য সওজের কর্মকর্তাদের দায়ী করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হুমায়ুন কবির নামে একজন মন্তব্যে আমতলীর যানজট নিরসনে কুমিল্লার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের কারণে কুমিল্লার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আনোয়ার হোসেন নামে আরেকজন মন্তব্যে অভিযোগ করেন, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফার অবহেলার কারণে আমতলী বিশ্বরোড এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এদিকে শুক্র ও শনিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দুপুরের দিকে যানজট চৌদ্দগ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে। গত কয়েক বছরের মধ্যে এটিকে অন্যতম বড় যানজট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার প্রায় এক কিলোমিটার পূর্বে আমতলী বিশ্বরোড এলাকায় গত কয়েক দিনের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করায় মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের দুর্ভোগ দ্রুত নিরসনে সড়কের গর্ত সংস্কার এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী ও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যকারীদের করা অভিযোগের বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া আমার দেশকে বলেন, ৩০০ মিটার ভাঙা সড়কের কারণে যানজট সৃষ্টি হয়েছে। আপাতত ইট দিয়ে সড়কটি মেরামত করা হচ্ছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

