দুবাই থেকে চোরাচালান, ৩১ ভরি স্বর্ণসহ দুই যুবক আটক

দুবাই থেকে চোরাচালান, ৩১ ভরি স্বর্ণসহ দুই যুবক আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারিঘাট এলাকায় মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৩১ ভরি স্বর্ণসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। তাদের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এসব স্বর্ণালংকার বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

আটক দুই যুবক হলেন—কক্সবাজার সদর উপজেলার ঘোনারপাড়ার বেলালের ছেলে মো. আজিম (৩৩) এবং মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ফারুক (২৮)।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোস্ট গার্ডের কাছে তথ্য ছিল যে, একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের ভেতরে নিয়ে আসবে। এই তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারিঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে তারা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

তিনি আরো জানান, সে সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের ৩টি এটিএম কার্ড জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই চোরাচালানকারী স্বীকার করেছেন যে শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। তারা আগেও একাধিকবার এই ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

কোস্ট গার্ডের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানিয়েছেন, চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন