লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ৪৯৬ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
এদিন সকাল থেকে লক্ষ্মীপুর-৩ আসনের লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, সমসেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়,
ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর-২ আসনের নন্দনপুর উচ্চ বিদ্যালয়, উত্তর টুমচর হিলফুল ফুজুল মাদ্রাসা, এন কে উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর-৪ আসনের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। সব কেন্দ্রেই ভোটারদের ভিড় দেখা গেছে।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, জেলার ৪৯৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবেই নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সবশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

