চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন বাঁশখালী উপজেলার আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালীর চাম্বল থেকে যাত্রী নিয়ে আসার সময় মাজার গেট এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। আরও দুই যাত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলের পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন