লক্ষ্মীপুরের রায়পুর পৌরশহরে ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এক পান ব্যবসায়ীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার মুড়িহাটা ইজারা নেন মিজান সর্দার । কিন্তু তিনি কিছুদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে আসছেন, যিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দেন। অভিযোগ রয়েছে, সাবেক সোনালী ব্যাংক সড়ক ও মেইন রোড থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী পান ব্যবসায়ী হারুন অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরে আমার কাছে ‘খাজনা’ নামে টাকা দাবি করা হচ্ছিল। প্রথমে মাসিক ৬০০ টাকা দেওয়ার প্রস্তাব দিলেও পরে তা বাড়িয়ে প্রতিটি পানের টুকরি থেকে ৩০ টাকা এবং সর্বশেষ দৈনিক ৩০ টাকা দাবি করা হয়। এতে তিনি রাজি না হলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন এবং আমার গায়ের জামা ছিঁড়ে ফেলেন।
তিনি আরও বলেন, ‘টাকা না দিলে আমার মাল ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।’
এদিকে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয় ব্যবসায়ীরাও এ ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।
অভিযুক্ত মিজান সর্দারের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তার সঙ্গে মারামারির কোনো ঘটনা ঘটেনি। আর আমি ইজারার শিডিউল অনুযায়ী খাজনা আদায় করছি, কোন চাঁদা না ।’
এ বিষয়ে রায়পুর বাজার বণিক সমিতির কার্যকরী সদস্য তানভীর হাসান বলেন, ‘আমার জানা মতে ফুটপাতে ইজারা দেওয়া হয় না। কিন্তু সেখানে ফুটপাতে ইজারার নামে খাজনা আদায় করা দুঃখজনক এবং প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিধি অনুযায়ী পৌরসভার ফুটপাতকে ইজারা দেওয়ার বিধান না থাকলেও খাজনা আদায়ের বিষয়ে রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখন আমি কিছু বলতে পারব না। বিষয়টি আমি জেনেবুঝে তারপর বলতে পারব।’
এ ঘটনায় এলাকায় ব্যাবসায়ীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

