আমার দেশ কুমিল্লা প্রতিনিধির বিরুদ্ধে মামলা, বিশিষ্টজনদের নিন্দা

আমার দেশ কুমিল্লা প্রতিনিধির বিরুদ্ধে মামলা, বিশিষ্টজনদের নিন্দা

যুবদল নেতা মাহবুব আলী রাশেদের চাঁদাবাজির তথ্য প্রকাশ করায় আমার দেশ সাংবাদিক এম হাসানের নামে মামলা করা হয়েছে। বিষয়টিকে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখছেন কুমিল্লার বিশিষ্টজনরা।

বিজ্ঞাপন

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলী রাশেদ গত ১০ আগস্ট আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছিলেন।

মামলার প্রতিবাদে কুমিল্লার বিশিষ্টজনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যখনই কোনো সাংবাদিক নির্যাতন হবে, মামলা হামলার শিকার হবে, আমরা তার পাশে দাঁড়াতে হবে । আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে যে মামলা করা হয়েছে । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক এবং কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে। পেশাগত দায়িত্ব পালনকালে যারা মামলা হামলার হুমকি দেবে, সেটি সম্পূর্ণ অনভিপ্রেত এবং স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।

সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খাঁন বলেন, সংবাদকর্মী সংবাদ প্রকাশ করার পর যদি তার বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ করা হয়, আইনগত ব্যবস্থা নিয়ে হয়রানি করা হয়, এটা ঠিক নয়। এটিতে সমাজ এবং প্রশাসনকে নজর দেয়া উচিত। আমি অনুরোধ করি, এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে হুমকি-ধমকি আসবেই। এসব তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা হুমকি-ধমকি দিচ্ছে তারা তো দিবেই। তারা তো এই চাঁদাবাজি করেই যাচ্ছে। এসব হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকের কলম বন্ধ করা যাবে না।

কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ, ছড়াকার, কবি ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান একজন দায়িত্বশীল সাংবাদিক। সৎ এবং নিষ্ঠাবান সংবাদ কর্মী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এভাবে সংবাদকর্মীকে নাজেহাল করার কোনো অর্থ হয় না। আমি এর তীব্র নিন্দা করছি ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন