প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কুমিল্লা অতিক্রম করে ফেনীর উদ্দেশে এগিয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাউদকান্দি দিয়ে কুমিল্লায় প্রবেশের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে তিনি আলেখারচর বিশ্বরোড অতিক্রম করে ফেনীর পথে চলে যান।
প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুমিল্লার নিমসার এলাকায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। তার দাবি, প্রায় ২০ হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সেখানে জড়ো হন।
হাজী জসিম উদ্দিন বলেন, `আমার নির্বাচনি এলাকার মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য সকাল ৮টা থেকে মহাসড়কে অবস্থান করেছিল। তাকে দেখেই সবার মন উৎফুল্ল হয়েছে।’
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরের শুরুতে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

