ছাগলনাইয়া বাজারে ২০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ছাগলনাইয়া বাজারে ২০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
ছবি: আমার দেশ

ফেনীর ছাগলনাইয়া বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান রিপোর্ট লেখা পর্যন্ত চলমান ছিল।

অভিযানে এস্কেভেটর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ছিল ফলের দোকান, কনফেকশনারি, কাঁচাবাজারের অস্থায়ী দোকান, টিনশেড ও আধাপাকা ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা।

বিজ্ঞাপন

এর আগে রোববার দিনভর বাজারের অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হয়। তবে অধিকাংশ দখলদার প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় সোমবার অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক জানান, বাজারের ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

এদিকে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান লিটন বলেন, “উচ্ছেদ অভিযান অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে অভিযানের পাশাপাশি ফুটপাতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থাও করা উচিত। এতে যেমন ফুটপাত দখলমুক্ত থাকবে, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীরাও জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক। অভিযানে সহযোগিতা করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন