চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি নিয়ে বিতর্কের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইকে খুন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালুটিলা গ্রামের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জয়নাল হোসেন (৩৫) ওই এলাকার মো. ইলিয়াছ হোসেন প্রকাশ ইলিয়াছ কোম্পানির ছেলে।
এ ঘটনায় বড় ভাই মো. জাফর হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে দুই ভাইয়ের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে এলোপাতাড়ি আঘাত করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরসরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

