পটিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের ১৫৫ নেতাকর্মী এনসিপিতে যোগদান

পটিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের ১৫৫ নেতাকর্মী এনসিপিতে যোগদান

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

বিজ্ঞাপন

শনিবার রাতে পটিয়া থানার মোড়স্থ ফ্যামিলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত যোগদান, ও সাংগঠনিক সভায় তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপিতে বিভিন্ন দলের নেতাকর্মীদের এই যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব ও কেন্দ্রীয় সদস্য মো. জুবায়ের আলম মানিক। প্রধান বক্তা ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ। সভা সঞ্চালনা করেন এনসিপি পটিয়া উপজেলার সংগঠক মিশকাতুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্যসচিব মীর মনছুরুল ইসলাম ও মো. ফারুক হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল, জেলা সদস্য মুজাম্মেল, হায়দার আলী ও আরফাতুর রহমানসহ পটিয়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আরো বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তক্কী, মুখ্য সংগঠক মিশকাত, যুগ্ম আহ্বায়ক জয়, মিজান ও আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, এলডিপির ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের নেতৃত্বে ৪০ জন, সাবেক বিএনপি সদস্য নূর মোস্তফার নেতৃত্বে ২০ জন, গণঅধিকার পরিষদের আসিফের নেতৃত্বে ৪০ জন এবং জাতীয় পার্টির মো. আফছার হোসেনের নেতৃত্বে ৩০ জন এনসিপিতে যোগদান করেন। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে আরো ২৫ জন নেতাকর্মী এনসিপি পটিয়া উপজেলা সংগঠনের সঙ্গে যুক্ত হন।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপির নেতারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পটিয়ায় সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন