নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হবে জানিয়ে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোনো ধরনের ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না। ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ চলছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন বই প্রস্তুত করা হচ্ছে। কারিগরি শিক্ষা ও জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে পাঠ্যবই তৈরি করা হচ্ছে।
তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে একযোগে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণ করা হবে।
পাঠ্যবইয়ের বিষয়বস্তু প্রসঙ্গে আ ন ম এহসানুল হক মিলন বলেন, নতুন বইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে। কোনো ইতিহাস বিকৃত করা চলবে না। ইতিহাস তার নিজস্ব ধারাতেই এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে। পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও পাঁচটি বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অংশ নিক। নতুন সিলেবাসে খেলাধুলা এবং পারিবারিক মূল্যবোধ (ফ্যামিলি ভ্যালু) অন্তর্ভুক্ত করা হয়েছে।”
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

