কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৫৭ হাজার ১৪০ টাকা দামের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়। বুধবার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদ্বার ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী ও শশীদল বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতী চাল, গরু, বাজি, শাড়ি, সানস্ক্রিন ক্রিম, জনসন বেবি ক্রিম, ইজিবাইক, ডেরোবিন ক্রিম, গাঁজা, ভিক্স চকলেটসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৫৭ হাজার ১৪০ টাকা।
এ সময় বিজিবির টহল দল এক আসামিকে আটক করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) বলেন, পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী এসব সীমান্ত অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অনুপ্রবেশ ও পুশ-ইন রোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

