বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বর আলম ভূঁইয়া বলেছেন, ফখরুদ্দীন-মইন উদ্দিনের রেখে যাওয়া ড. ইউনূস সরকার এখন রাষ্ট্র চালাচ্ছে।
শুক্রবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের প্রাণের দাবি ছিল মনিরুল হক চৌধুরীর কুমিল্লা ৯ আসন ফিরিয়ে দেওয়া। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা দেয়নি। আমরা নাঙ্গলকোট কুমিল্লা ১০ আসন এককভাবে চেয়েছিলাম । যদি সদর দক্ষিণ-লালমাই আলাদা আসন হতো, তাহলে মনিরুল হক চৌধুরী নিশ্চিতভাবে এমপি হতেন।
এটা (আসন) দেওয়ার মালিক রাষ্ট্র। রাষ্ট্র চালায় মইন উদ্দিন-ফখরুদ্দীনের রেখে যাওয়া ড. ইউনূস সরকার । তারা দেয়নি। যা দিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। আমাদের প্রতীক ধানের শীষ।
তিনি আরো বলেন, প্রার্থী কালো না সাদা তাতে আমার কিছু আসে যায় না । আমার মার্কা ধানের শীষ। আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে প্রার্থী হিসেবে আপনাদের কাছে আসব। আমাকে না দিয়ে অন্য কাউকে দিলেও ওই ভাইয়ের কর্মী হিসেবে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

