বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশবাহী হেলিকপ্টারটি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে। পরে মরদেহটি কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবনে নেওয়া হয়।
এদিকে, প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে দুপুর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। হেলিকপ্টার অবতরণের পর মরদেহ দেখার জন্য অনেকে দৌড়ে যান। এতে পরিস্থিতি সামলাতে হিমশিম খান নিরাপত্তাকর্মীরা। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর কফিনটি অ্যাম্বুলেন্সে তোলা হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে মরদেহ রাখা হবে। যেখানে শ্রদ্ধা জানাতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে।
বিকেল ১টায় মরদেহ নেয়া হবে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। সেখানে বাদ জুমা জানাজা হবে।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টায় রাজধানীতে মারা যান আবদুল্লাহ আল নোমান। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

