কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়াল স্কুলের শেয়ারদারদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক ক্যাশিয়ার আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এ অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও প্রতিষ্ঠানের আর্থিক হিসাব প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্কুলটির শেয়ারদার ও সহসভাপতি মো. আলমগীর হোসেন।
সোমবার চারিপাড়া আইডিয়াল স্কুলের প্রধান ফটকের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, ২০০৭ সালে এলাকার ২৯ জন শেয়ারদার দীর্ঘদিনের প্রচেষ্টা ও নিজেদের অর্থ ব্যয় করে চারিপাড়া আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রতিষ্ঠান পরিচালনার একপর্যায়ে মো. জাকির হোসেনকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়। মো. জাকির হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ জাহেরের একনিষ্ঠ কর্মী। গত ১৭ বছর আওয়ামী লীগের দাপট দেখিয়ে এলাকায় নৈরাজ্য করার অভিযোগ উঠেছে।
আলমগীর হোসেনের অভিযোগ, জাকির হোসেন প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপন করে প্রায় ১৫ লাখ টাকা লোকসান দেখান। এরপর শেয়ারদাররা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আরও ১৮ লাখ টাকা দেন। তবে ওই অর্থের পরবর্তীতে সঠিক হিসাব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, হিসাব চাইলে বিভিন্ন কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। যারা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদেরও বিভিন্নভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আলমগীর হোসেন আরও বলেন, শেয়ারদার ও স্থানীয় বাসিন্দারা একাধিকবার উদ্যোগ নিয়েও প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক হিসাব বুঝে নিতে পারেননি। পরে বিষয়টি জানিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর ইউএনও বিষয়টি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক রহমানকে দায়িত্ব দেন। পরে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনকে ডেকে চার দিনের মধ্যে প্রতিষ্ঠানের হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো হিসাব পাওয়া যায়নি বলে অভিযোগ করেন আলমগীর হোসেন।
তিনি বলেন, আমরা আমাদের রক্ত-ঘাম ঝরানো কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আমরা স্কুলটি ধ্বংস হতে দিতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হিসাব ও অনিয়মের বিষয়টি বের করে সমস্যার সমাধান চাই।
এ সময় সাংবাদিকদের মাধ্যমে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এই বিষয়ে মো. জাকির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

