তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ববিরোধ ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার জেরে আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে গুরুতর জখম করার পর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ ভূঁইয়া উপজেলার মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার পক্ষের সঙ্গে একই এলাকার সাবেক মেম্বার সাইফুল ইসলামের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর আবুল হোসেন মোল্লার ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লাকে (৩০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন আব্দুল লতিফ ভূঁইয়া।

সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হয়ে তিন দিন আগে এলাকায় ফেরেন। সোমবার রাতে মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং পায়ের রগ কেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তিনি মারা যান বলে জানা গেছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লতিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...