আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১৫

কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকায় নবনির্মিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন। ঘটনা ঘটে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ‘এন আলম’ ফিলিং স্টেশনে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, সন্ধ্যা ৭টার দিকে স্টেশনে গ্যাস লিক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস বাতাসে মিশে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে প্রায় এক কিলোমিটার এলাকা গ্যাসে আচ্ছন্ন হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “গ্যাসের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।” বিস্ফোরণের পর স্টেশনের কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং আশপাশের স্থাপনাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবপ্রাপ্ত এলাকায় আদর্শ গ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, গ্যাস ছড়িয়ে পড়া এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগুন না ছড়িয়ে পড়ার জন্য মাইকিং করা হচ্ছে। কলাতলী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ছড়িয়ে পড়া গ্যাসের কারণে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছিল। মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্যাস লিকেজ বন্ধের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে, তবে দেড় ঘণ্টার চেষ্টাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাবুক্তগীন মাহমুদ শহেল বলেন, দগ্ধ ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে, গুরুতর আহত একজনকে ঢাকায় এবং আটজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

ওসি ছমি উদ্দিন আরও জানান, “উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চলছে।” স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় ধরে গ্যাস লিকেজ থাকলেও তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার কারণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...