আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হোমনায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

হোমনায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন উত্তর মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার শিশু ছেলে মো. হোসাইন (৪) এবং জহিরুলের ভাই প্রবাসী আব্দুস সাত্তারের ছেলে জুবায়েদ (৭)। তারা সবাই জহিরুল ইসলামের ঘরে ঘুমিয়ে ছিল।

বিজ্ঞাপন

নিহতদের স্বজনরা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা বুঝতে পারছেন না। তাদের কোনো শত্রুও ছিল না।

নিহত জুবাইদের মা লিপি আক্তার বলেন, তার শিশু ছেলে জুবাইদ সোমবার রাতে তার বড় চাচির সঙ্গে ঘুমানোর বায়না ধরে। সে অনুযায়ী রাতে খাবার খেয়ে সেও তাদের সঙ্গে ঘুমাতে যায়। সকালে অনেক বেলা হয়ে যাওয়ায় ছেলেকে খাওয়ানোর জন্য ডাকতে গেলে এমন মর্মান্তিক ঘটনা দেখেন।

প্রথমে তার বড় ছেলে সাত বছরের জুনাইদকে পাঠান জুবাইদকে ডাকার জন্য। দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে জুবাইদকে কাঁথা মুড়ি দিয়ে গড়াগড়ি করে শুয়ে থাকা অবস্থায় রয়েছে বলে লিপি আক্তারকে জানায়। পরে তিনি ঘরে ঢুকে প্রথমে তার জায়ের ছেলেকে জবাই করা অবস্থায় দেখতে পান। এরপর একে একে অন্য দুটি কক্ষ থেকে জা এবং নিজ সন্তানের গলাকাটা লাশ খুঁজে পান। ঘরের দরজার কাছে ছুরি পাওয়া যায়।

তিনি জানান, কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা অথবা পারিবারিক কোনো ঝামেলা ছিল না। তার জাও ভালো ছিলেন। কারো সঙ্গে অনৈতিক কোনো সম্পর্কও ছিল না তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...