আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের মন্ত্রিসভার কোনো প্রতিনিধিত্ব নেই ২৫ জেলায়

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের মন্ত্রিসভার কোনো প্রতিনিধিত্ব নেই ২৫ জেলায়

নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার পর দেখা গেছে—দেশের ২৫টি জেলা সরাসরি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও মন্ত্রিসভায় কোনো কেউ ঠাঁই পায়নি।

মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে শপথের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় দেশের এক-তৃতীয়াংশেরও বেশি জেলা প্রতিনিধিত্ব পায়নি বলে দলীয় সূত্রে প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে।

বিজ্ঞাপন

উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা—এই আট জেলার ৩০টি সংসদীয় আসনের একটিতেও বিএনপি জয় পায়নি। ফলে এসব জেলা থেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার সুযোগই তৈরি হয়নি। এ ছাড়া দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী থেকেও এবার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। বড় জেলার মধ্যে খুলনাও মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছে—এ জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি জয়ী হলেও কাউকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি।

আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত গোপালগঞ্জে এবার প্রথমবার তিনজন সংসদ সদস্য পেয়েছে বিএনপি। তবুও ওই জেলা থেকে কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি। একই চিত্র মাদারীপুর ও শরীয়তপুরে—দুটি জেলাতেই একাধিক আসনে জয় পেলেও মন্ত্রিত্ব মেলেনি। তবে ফরিদপুর ও রাজবাড়ী থেকে একজন করে প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে। রাজবাড়ী থেকে প্রতিমন্ত্রী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং ফরিদপুর থেকে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম।

ঢাকা জেলায় ২০টি আসনের মধ্যে ১৫টিতে বিএনপি জয়ী হয়েছে। রাজধানী থেকে শেখ রবিউল আলম পূর্ণ মন্ত্রী হিসেবে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া চারজন প্রতিমন্ত্রী হয়েছেন। এদের মধ্যে ঢাকা-১৬ আসনে পরাজিত সাবেক ফুটবলার আমিনুল হককে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে।

তবে ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, সাভার ও ধামরাই—এই চার এলাকা থেকে কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। পাশাপাশি পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়নি। নারায়ণগঞ্জের চারজন বিএনপি সংসদ সদস্যের কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...