আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে

ক্রীড়াঙ্গনের অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার

ক্রীড়াঙ্গনের অভিনন্দন

বাংলাদেশ সরকারের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ফুটবলার ও অধিনায়ক আমিনুল হক। নতুন মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের দুই সংগঠন বিএসপিএ ও বিএসজেএ অভিনন্দন জানিয়েছে তাকে।

বিজ্ঞাপন

আজ আমিনুল হক শপথ গ্রহণের পর অভিনন্দন জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অভিনন্দন বার্তায় বিসিবি সভাপতি বলেন, ‘আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়াব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি খেলোয়াড়দের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা রাখেন। আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’

নিজেদের ফেসবুক পেজে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অভিনন্দন জানায় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ। অভিনন্দন বার্তায় সংগঠনটি লিখেছে, ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) পক্ষ থেকে নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

ক্রীড়া সাংবাদিকদের আরেক সংগঠন বিএসজেএ আমিনুল হককে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক আমিনুল হক। বিএসজেএর পক্ষ থেকে আমিনুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন।’

এছাড়া ক্রীড়া সাংবাদিকদের আরেক সংগঠন বিএসজেসিও নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘নতুন সরকারে আপনার ওপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনার সুদীর্ঘ অভিজ্ঞতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গি দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের জাতীয় খেলা কাবাডিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে এবং তরুণ প্রজন্মের মাঝে সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশে আপনার দিকনির্দেশনা আমাদের অনুপ্রাণিত করবে। আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের যুবসমাজ দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হবে এবং বিশ্বমঞ্চে লাল-সবুজের বিজয় কেতন আরও উজ্জ্বল হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...