ফেনীতে গভীর রাতে কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত এবং আরো দইজন গুরুতর আহত হয়েছেন ।
রোববার ভোর রাতে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত হোনা মিয়া (৩৭) উপজেলার পুর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং যুবদল কর্মী হিসেবে পরিচিত।
আহতরা হলেন, পাঠাননগর ইউনিয়নের পূর্ব সিলুয়া গ্রামের আলাউদ্দিন সুজন (৩০) ও নূর আলম (৪০)। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে উপজেলার পাঠাননগর ইউনিয়নে কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
রোববার ভোর রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোনামিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন।আহত দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ৭জনকে আটক করা হয়েছে। তারা হলেন, উপজেলার মটুয়া গ্রামের জাকির আহমদের ছেলে কামরুল হাসান জাহিদ (৩০), আবদুর রৌফের ছেলে ইসমাইল হোসেন মুন্না (২০), জাকির আহমদের ছেলে কামরুজ্জামান ফারুক (২৮), আবুল হাসেমের ছেলে মো: ইস্রাফিল (২৬) ও সফিকুর রহমানের ছেলে আজমিরুল ইসলাম (২৭), দক্ষিণ মটুয়ার মজিবুর রহমানের ছেলে আবদুর রহমান রকি (২৫), মীরসরাই উপজেলার হিছাছড়া গ্রামের নাছির উদ্দিন মজুমদারের ছেলে ফয়েজ মোহাম্মদ মাহাদী (৩০)। তাদের মধ্যে জাহিদ ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও অন্যান্যরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা ।
স্থানীয়দের দাবি, যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে মাটি কেটে আসছিল।
ছাগলনাইয়া থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

