হেফাজতে ইসলামের প্রয়াত দুই আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকেল হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফীর (রহ.)সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এসময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, হাটহাজারী থেকে নির্বাচিত এমপি ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা-বিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরেশী,মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে মাদরাসার মহাপরিচালক প্রধানমন্ত্রীকে মাদরাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে মাদরাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী এসময় শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

