ডেঙ্গু ও ডাকাতির আতঙ্ক দূর করতে গোমতীর পাড়ে সাবেক কাউন্সিলরের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ও ডাকাতির আতঙ্ক দূর করতে গোমতীর পাড়ে সাবেক কাউন্সিলরের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ রোধ এবং মশার প্রজনন ধ্বংসের পাশাপাশি সড়কে ছিনতাই ও ডাকাতির ঝুঁকি কমাতে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ডের গোমতী নদীর উভয় পাড়ের বেড়িবাঁধ সংলগ্ন সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার স্থানীয় সচেতন বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করেন কুসিকের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

জানা গেছে, গোমতী নদীর দুই পাড়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করে বিবিরবাজার স্থলবন্দর থেকে শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সড়কটির দুপাশে ঝোপঝাড় ও আগাছা জন্ম নেওয়ায় মশার নিরাপদ প্রজননস্থলে পরিণত হয়েছিল। একই সঙ্গে রাতের অন্ধকারে সড়কটিতে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা প্রকাশ করে আসছিলেন চালক ও পথচারীরা। সড়কটির দুপাশ পরিষ্কার হওয়ায় মশার উপদ্রব কমার পাশাপাশি ডাকাতির ঝুঁকিও অনেকাংশে কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

পরিচ্ছন্নতা কার্যক্রমকালে সড়কের দুপাশে জমে থাকা দীর্ঘদিনের ঝোপঝাড় ও আগাছা কেটে ফেলা হয়, ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচলের উপযোগী করতে ফুটপাত উন্মুক্ত করা হয়।

কার্যক্রম প্রসঙ্গে কাজী গোলাম কিবরিয়া বলেন, সড়কের পাশে অতিরিক্ত ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন পরিবেশ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি ডেঙ্গুর বাহক মশার বংশবৃদ্ধির আদর্শ স্থান হয়ে দাঁড়িয়েছিল। নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম চালালে মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

তিনি আরো বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডকে কিশোর গ্যাং, মাদকের দাপট ও পরিবেশদূষণ থেকে মুক্ত রাখতে আমরা কঠোর অবস্থান নিয়েছি। সামাজিক সচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তুলে কিশোর গ্যাং সদস্য, মাদকসেবী ও মাদক কারবারিদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গোমতী নদীর বেড়িবাঁধ এলাকার সড়ক ও ফুটপাত নিয়মিত পরিষ্কার রাখা হলে পথচারীদের যাতায়াত যেমন সহজ ও নিরাপদ হবে, তেমনি নদীপাড়ের নান্দনিক পরিবেশও বজায় থাকবে। তারা এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রমে আমানুল্লাহ, মোস্তফা জামান, বাহার উল্লাহ, আব্দুর রশিদ ও আলমগীর হোসেনসহ ১ নম্বর ওয়ার্ডের সুশীল সমাজ ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন