চাঁদপুরের ফরিদগঞ্জে বাগান থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই ) বিকেলে পৌর এলাকার নোয়াগাও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশে সাত্তার মিয়ার সুপারি বাগান থেকে মাটিতে শোয়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসানুর রহমান (৩৫) একই গ্রামের রনমিজি বাড়ির খোকন মিজির ছেলে। তিনি তিন সন্তানের জনক।
মৃতের ভাই শরীফ হোসেন জানান, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনায় সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে আমার ভাইকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে আমার ভাই বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজেরপর খবর পেয়েছি আমার ভাইয়ের লাশ সুপারির বাগানে পড়ে আছে। আমি মনে করি আমার ভাইকে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, হাসানুর রহমানসহ একটি চক্র বিভিন্ন স্থানে চুরিসহ নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের বাড়িতে নানান কলহ সৃষ্টি হতো।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার বিকেলে বাগানে এক যুবকের লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সবার উপস্থিতিতে লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়ে।
ওসি আরো জানান, লাশের পকেটে মোবাইল, ছোট সাইজের একটি চাকু পাওয়া গেছে। নিহত যুবকের হাতে অস্বাভাবিক চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। এবিষয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

