চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।
অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক সায়েমকে মাত্র ৫৬ দিনের মাথায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই অধ্যাপক সায়েম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে দ্রুত উদ্যোগ এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে আস্থা অর্জন করেন। এমন পরিস্থিতিতে কোনো দৃশ্যমান ব্যাখ্যা ছাড়াই তাকে পরিবর্তনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মনে করছেন তারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা হিসেবে নিরাপত্তা শাখা ও মেডিকেল সেবা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। পাশাপাশি ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে উপাচার্য ভবনের সামনে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা সদ্য জারি করা নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক শাটডাউন, গণ-অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

