ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্যাহ বুলু বলেছেন, তরুণ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিত। এরকম একজন তরুণ-টগবগে জাতীয়তাবাদী নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার দাবি করি।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বিএনপি নেতা আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বিএনপি নেতা কাজী আবুল বাশার, ইসমাইল হোসেন সুমন ও কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন, সরকারি কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বরকত উল্লাহ বুলু জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর ছেলের উক্তি তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে, শুদ্ধ-অশুদ্ধ, ভুল, এরা এটাই মানে। অতএব মওদুদীর বংশের কেউ কিন্তু জামায়াত ইসলামী করে না।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন, মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ্য টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারতো। আমাদের মাছের ও কৃষি কাজের অভাব হতো না, যোগাযোগ ব্যবস্থাও সমুন্নত থাকতো। আমাদের নেতা তারেক রহমান আবার খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত সতেরো বছরেও তা হয়নি।
অনুষ্ঠানে তিনি গুপ্তদের থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

