কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিনের পর আনাস নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
তিনি দৈনিক আমার দেশকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে তুহিনকে জিজ্ঞাসাবাদ করার পর আনাসের নাম উঠে আসে। এজন্য র্যাব আজ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত সানন্দা এলাকায় একটি টিলায় গিয়ে মেলে অপ্রতিমের নিথর দেহ।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান। এই কিশোরের এমন অকাল মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

