আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক কোনো তথ্য বা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের অপতৎপরতায় জড়িত থাকার চেষ্টা করলে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, পূজার সময় ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও তা সার্বক্ষণিক সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী ভক্তদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে তা দ্রুত শনাক্ত করে সমাধানের ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশার প্রতিনিধি, স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ওসি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

