ইঞ্জিনে ত্রুটি, ফেনীতে পাঁচ ঘণ্টা ধরে আটকা ‘চট্টলা এক্সপ্রেস’

জেলা প্রতিনিধি, ফেনী

ইঞ্জিনে ত্রুটি, ফেনীতে পাঁচ ঘণ্টা ধরে আটকা ‘চট্টলা এক্সপ্রেস’

ইঞ্জিনে ত্রুটির কারণে ফেনী স্টেশনে পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ‘চট্টলা এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে স্টেশনে আসার পর দুপুর ১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।

বিজ্ঞাপন

ফেনী রেলস্টেশনের কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী চট্টলা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী স্টেশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের ইঞ্জিনের ছোট ছোট চেম্বারের ঢাকনা (ট্যাবলেট কভার) থেকে ধোঁয়া বের হতে থাকে। সেটি দেখে কাছে গেলে ধোঁয়ায় এএলএম মোহাম্মদ কাওসারের মুখমণ্ডল ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন বলেন, যাত্রীদের ধৈর্য ধরার জন্য মাইকিং করা হচ্ছে। ফেনী থেকে যেসব যাত্রী এই ট্রেনে ওঠার কথা ছিল তাদের অনেকেই টিকিট হস্তান্তর করে অন্য পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। ট্রেনটি প্ল্যাটফর্মে আটকা থাকলেও পাশের দুটি লেন স্বাভাবিক থাকায় অন্য ট্রেনগুলোর চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। লাকসাম থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন এসেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি পুনরায় ছেড়ে যাবে।

ফেনীর সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম বলেন, ধোঁয়ায় ওই রেলকর্মীর মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন