আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিসিটিভি খুলে সাবেক শিবির নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

সিসিটিভি খুলে সাবেক শিবির নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত আল বারাকা এগ্রো খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

খামারের মালিক ও সাবেক শিবির নেতা আবু হেনা কায়সার জানান, রাতের আঁধারে ১২ থেকে ১৩ জন মুখোশধারী দুর্বৃত্ত খামারে প্রবেশ করে। তারা প্রথমে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। পরে খামারের প্রহরীকে জোরপূর্বক ৪০টি ছাগলসহ একটি পিকআপে তুলে নেয়। রেললাইন পার হওয়ার পর প্রহরীকে ছেড়ে দিয়ে ছাগলগুলো নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় খামারের কর্মচারী নুরুল আফছারকে চোখ বেঁধে আটকে রাখা হয়। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ এবং কিছু পশুখাদ্যের বস্তাও নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

খামার মালিক আবু হেনা কায়সার আরও অভিযোগ করেন, তার ডোমখালী এলাকায় অবস্থিত মাছের প্রকল্পে একই রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তার ধারণা, একই চক্র এ দুটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিক্রির জন্য ছাগলগুলো প্রস্তুত করা হচ্ছিল বলে জানান তিনি। প্রতিটি ছাগলের মূল্য ১২ থেকে ১৩ হাজার টাকা হিসেবে ৪০টি ছাগলের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

এ বিষয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...