চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের শিক্ষা অনুদান পেল ৫০ মেধাবী

চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের শিক্ষা অনুদান পেল ৫০ মেধাবী

চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার টাকা করে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টায় শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নজর দিয়েছেন। আজ যারা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমাজের পরিবর্তনে শিক্ষিত ও মেধাবী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই সহায়তাকে তোমরা শুধু আর্থিক সহযোগিতা হিসেবে দেখবে না; এটি তোমাদের প্রতি সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে এবং ভবিষ্যতে তোমাদের মতো অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান তুলে দেওয়া হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন