চাঁদপুরে ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা হামলা

চাঁদপুরে ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা হামলা
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি: আমার দেশ

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভবনের জানালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরিহিত এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে সেখানে পেট্রলবোমা নিক্ষেপ করে। একই সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি।

বিস্ফোরণ ও আগুনের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী এগিয়ে এসে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের জানালার গ্লাস ভেঙে কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন