চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইতালি প্রবাসী দুই তরুণ নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় পুরানবাজার গার্লস স্কুলের সামনে একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের নিচে পড়ে মারা যায় তারা।
নিহতরা হচ্ছেন পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী দেওয়ান কুটিরের মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)। ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করেন। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
প্রত্যক্ষদর্শী শিপন খান ও নিহতের স্বজনরা জানান, মেরকাটিজ রোডের বাসিন্দা ইতালি প্রবাসী সালাম দেওয়ান ও রুকসানা দম্পতির একমাত্র ছেলে অভি দেওয়ান ও তার খালাতো ভাই শরীয়তপুরের নিলয় ইতালি প্রবাসী। ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে তারা চাঁদপুরে আসেন। সোমবার রাত সোয়া ১১টায় তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।
এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে মোটরসাইকেলটি প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভির মৃত্যু হয়। নিলয়কে গুরুতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
দুজনের মরদেহ এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়। খবর পেয়ে আত্মীয়স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।
চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

